শিরোনাম

অস্ত্রোপচার শেষে আইসিইউতে মির্জা আব্বাস

প্রকাশনার সময়: ১৩ মার্চ ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

গুরুতর অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস–এর মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ঢাকা–এ তাঁর এই অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী কিছুক্ষণ মির্জা আব্বাসের শয্যাপাশে অবস্থান করেন এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁর উন্নত চিকিৎসার জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন।

হাসপাতাল সূত্র জানায়, অস্ত্রোপচারের পর মির্জা আব্বাস আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়া হতে পারে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি মেডিক্যাল বোর্ড সবকিছু পর্যালোচনা করে তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। সেই অনুযায়ী তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি দেখা গেলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিক্যাল বোর্ড বসে এবং সবকিছু পর্যালোচনা করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

মন্তব্য করুন