নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন: মামলার এজাহারে যা আছে
কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে উপস্থিত হয়ে মামলাটি করেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বলেন, রাতেই (বৃহস্পতিবার) মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মামলায় আসামি করা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সভাপতি মীর আহসানুল ইসলাম অভি, সাধারণ সম্পাদক পান্থ শাহারিয়ার অর্পন, দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিক শিকদার, যুগ্ম আহ্বায়ক মো. রিদয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের জেলা যুবলীগের সভাপতি মীর সাইফুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দৌলতপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের দৌলতপুর উপজেলা সভাপতি মমিনুর রহমান মহন, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে।
মামলার এজাহারে বলা হয়েছে, সংসদ অধিবেশন চলায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। এদিকে দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম, মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্য সদস্যরা।
এজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বাইরে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন।
স্থানীয়ভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এজাহারে ক্ষয়ক্ষতির বিবরণে বলা হয়েছে, আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োজনীয় যন্ত্রপাতি পুড়ে গেছে। বাড়ির গোয়ালে থাকা তিনটি ছাগলও আগুনে পুড়ে মারা যায়। সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন সংসদ সদস্য নুসরাত তাবাসসুম।
ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অভিযোগ এনে এজাহারে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পরিকল্পনা করে আসছিলেন। এ উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল বলে অভিযোগ করা হয়েছে।
মন্তব্য করুন

