দৌলতদিয়ায় জেলের জালে ২৩ কেজির কাতল, ৫৭৫০০ টাকায় বিক্রি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলে লুৎফর হালদারের জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। মাছটি ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে মাছটি ঢাকার গুলশান এলাকায় এক ব্যবসায়ীর কাছে পৌঁছে দেওয়া হয়।
জানা গেছে, বৃহস্পতিবার ভোরে দৌলতদিয়ার ৩ ও ৪ নম্বর ফেরিঘাটের মধ্যবর্তী পদ্মা নদীতে চাপ জাল দিয়ে মাছটি শিকার করেন জেলে লুৎফর হালদার। পরে সকালে মাছটি দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মন্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে উন্মুক্ত নিলামে ২ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৫৫ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা জানান, সকালে উন্মুক্ত নিলামে ২৩ কেজি ওজনের কাতল মাছটি ৫৫ হাজার ২০০ টাকায় কেনেন। পরে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার গুলশানের এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫০০ টাকা কেজি দরে মোট ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেন।
মন্তব্য করুন

