নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব: সংসদে নাহিদ ইসলাম
সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ প্রশ্ন তোলেন। এ সময় তিনি সরকারের নিরাপত্তা দেওয়ার সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করে স্পষ্ট জবাব দাবি করেন।
বক্তব্যে নাহিদ ইসলাম সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং এনসিপি ও ১১ দলীয় ঐক্য মনোনীত প্রার্থী নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার বিবরণ তুলে ধরেন। তিনি জানান, গতকাল বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে কুষ্টিয়ার দৌলতপুরে নুসরাত তাবাসসুমের বাড়িতে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই অগ্নিসংযোগের ঘটনায় ওই বাড়িতে থাকা গবাদি পশু আগুনে পুড়ে মারা গেছে বলে তিনি সংসদকে অবহিত করেন।
ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় চিফ হুইপ। তিনি অভিযোগ করেন, রাত থেকেই তারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন এবং তিনি নিজে কুষ্টিয়ার পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছেন। অথচ আজ সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মন্তব্য করেছেন যে, ঘটনাস্থলে কোনো পেট্রোল বোমার আলামত পাওয়া যায়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তুলে বলেন, যেখানে কোনো ফরেনসিক টিমই যায়নি এবং কোনো ধরনের ফরেনসিক তদন্ত ছাড়াই থানার ওসি কীভাবে এটিকে পেট্রোল বোমা নয় বলে ঘোষণা দিলেন, তা আমার বোধগম্য নয়।
মন্তব্য করুন

