শিরোনাম

তেহরানে বাদাম বেঁচছেন নেতানিয়াহুর মতো দেখতে দোকানি

প্রকাশনার সময়: ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ইরানের রাজধানী তেহরানে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মতো দেখতে এক দোকানিকে নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইরানের নেট দুনিয়ায় রীতিমতো তারকা হয়ে উঠেছেন।

ইরানের পাশপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো; এমনকি ইসরায়েলের সংবাদমাধ্যমেও শিরোনাম হয়েছেন এ ব্যক্তি।

তিনি প্রথমে ভাইরাল হন ৯ সেকেন্ডের এক ভিডিওর মাধ্যমে। এক ব্যক্তি ভিডিও করে তা প্রকাশ করে জিজ্ঞেস করেন, দেখুন তো কার মতো দেখতে। এরপর এটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা চুলের এ ব্যক্তি বাদাম মাপার একটি দাঁড়িপাল্লার পেছনে বসে আছেন।

এ নিয়ে অনেকে মজাও করছেন। এক ইরানি বলেছেন, নেতানিয়াহু এখন ইরান নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছেন। এর বদলে ইরানে এসে বাদামের ব্যবসা শুরু করেছেন।

আরেকজন বলেছেন, সরকারের উচিত এ ব্যক্তিকে নিয়ে গিয়ে নেতানিয়াহু হিসেবে উপস্থাপন করে তাকে গ্রেপ্তারের নাটক বানানো।

আবার অনেকে ওই ব্যক্তির দোকানের ঠিকানা খুঁজে সেখানে যাওয়ার আগ্রহের কথা জানাচ্ছিলেন।

ভাইরাল হলেও এ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। ইসরায়েলি সংবাদমাধ্যম হায়োম জানিয়েছে, একটি নাম কয়েক জায়গায় দেখা গেছে, তবে সেটি তার সত্যিকারের নাম কি না তা স্পষ্ট নয়। এছাড়া ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তাও নিশ্চিত না।

সূত্র: খামা প্রেস

মন্তব্য করুন