বিশ্বজুড়ে মাইক্রোসফট পরিষেবায় বিভ্রাট, ভোগান্তিতে ৭৪টি দেশ
বড় আকারের প্রযুক্তিগত বিভ্রাটের মুখে পড়েছে শীর্ষ মার্কিন ডিজিটাল সেবা প্রতিষ্ঠান মাইক্রোসফট। এতে প্রতিষ্ঠানটির আউটলুক (ইমেইল), ক্লাউড স্টোরেজ, টিমস এবং প্রতিষ্ঠানটির কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার কোপাইলটসহ বিভিন্ন পরিষেবার সংযোগ পেতে সমস্যা হচ্ছে।
বিশ্বজুড়ে পড়েছে এ বিভ্রাটের প্রভাব। বহুল ব্যবহৃত এসব সেবা কার্যত অচল হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বিশ্বের ৭০টিরও বেশি দেশের গ্রাহকরা। বিভিন্ন কোম্পানি থেকে শুরু করে সরকারি সংস্থাগুলো জানিয়েছে যে, তারা আউটলুকের মাধ্যমে যোগাযোগ করতে পারছে না।
বিভ্রাটের কারণে প্রায় ১০ ঘণ্টা ধরে ব্যহত হয়েছে আউটলুক ও এক্সচেঞ্জ অনলাইন (ইমেইল পাঠানো-গ্রহণ ও ক্যালেন্ডার), মাইক্রোসফট টিমস, মাইক্রোসফট কোপাইলট, শেয়ারপয়েন্ট অনলাইন ও ওয়ানড্রাইভ, মাইক্রোসফট ডিফেন্ডারের (ক্লাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সেবা) মতো গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো। এর বাইরে ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, প্ল্যানার এবং টু-ডু অ্যাপেও বিভ্রাটের প্রভাব পড়েছে।
ইন্টারনেট সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা ডাউনডিটেক্টর তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বিভ্রাট শুরুর পর এক ঘণ্টার মধ্যেই তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ ৭৪টি দেশ ও অঞ্চলে মাইক্রোসফটের পণ্যগুলো অকার্যকর হয়ে যায়। ডাউনডিটেক্টর থেকে প্রকাশ করা একটি মানচিত্রে দেখা গেছে, পুরো আমেরিকা মহাদেশসহ ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলের ব্যবহারকারীরা এই বিভ্রাটের কবলে পড়েছেন।
মন্তব্য করুন

