‘চোখ নামিয়ে কথা বল’, ক্রিকেটার নাঈমকে ওসি
‘চোখ নামিয়ে কথা বল’— ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তার অভিযোগ, ২ পুলিশ সদস্য বরখাস্ত
জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান পুলিশের হাতে হেনস্তা ও মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক উপপরিদর্শক (এসআই)সহ দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) রাতে ঢাকায় প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে সিএনজিযোগে বাসায় যাওয়ার পথে লালখানবাজার ফ্লাইওভারের নিচে তার যানবাহন থামিয়ে তল্লাশি চালায় পুলিশ।
নাঈমের অভিযোগ, এক সাদা পোশাকধারী ব্যক্তি ও দুই ইউনিফর্মধারী পুলিশ সদস্য তাকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করেন। নিজের পরিচয় ও আইডি কার্ড দেখানোর পরও তাকে মারধর করা হয়। তিনি দাবি করেন, এক ব্যক্তি পাইপ দিয়ে আঘাত করেন এবং উপস্থিত লোকজন তার পরিচয় নিশ্চিত করলেও নির্যাতন বন্ধ হয়নি।
পরে তাকে থানায় নেওয়া হলে সেখানেও হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ করেন নাঈম। তার ভাষ্য অনুযায়ী, ঘটনার বর্ণনা দিতে গেলে খুলশী থানার ওসি বারবার তাকে বলেন, “চোখ নামিয়ে কথা বল।”
মোবাইল ফোন ফিরে পাওয়ার পর তিনি তামিম ইকবাল–এর সঙ্গে যোগাযোগ করেন। তামিম থানার ওসি ও নাঈমের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
ঘটনার পর নাঈম প্রশ্ন তোলেন, সাধারণ মানুষ পুলিশের কাছেই যদি নিরাপদ না থাকে, তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত হবে কীভাবে।
উল্লেখ্য, নাঈম হাসান গত পাঁচ বছর ধরে জাতীয় দলের হয়ে খেলছেন এবং আসন্ন জিম্বাবুয়ে সফরের টেস্ট দলেও রয়েছেন।
মন্তব্য করুন

