শিরোনাম

কমলো এলপি গ্যাসের দাম

প্রকাশনার সময়: ২ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুন মাসের জন্য ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বিইআরসি নতুন মূল্যহার ঘোষণা করে। সংস্থাটির জানানো মতে, এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন ঘোষণায় ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তনের প্রেক্ষাপটে এ সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে কমিশন।

এর আগে মে মাসে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল। তবে এপ্রিল মাসে দুই দফা মূল্য সমন্বয়ের মাধ্যমে ১২ কেজি সিলিন্ডারের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়। প্রথমে ২ এপ্রিল দাম বৃদ্ধি করে ১ হাজার ৭২৮ টাকা এবং পরে ১৯ এপ্রিল তা আরও বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল।

অন্যদিকে, অটোগ্যাসের দামও কমানো হয়েছে। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে ভ্যাটসহ অটোগ্যাসের মূল্য প্রতি লিটার ২ টাকা ৫৯ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৩ মে অটোগ্যাসের দাম সামান্য বৃদ্ধি করে প্রতি লিটার ৮৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

মন্তব্য করুন