মশা মারা শিখতে যুক্তরাষ্ট্রে নয়, ডোবার পাশে বসতে বললেন প্রধানমন্ত্রী
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের একটি প্রস্তাব অনুমোদন করেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। মশক নিধনের আধুনিক ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে ফ্লোরিডা সফরের এই উদ্যোগটি স্থানীয় সরকার বিভাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছিল।
সরকারি সূত্র জানায়, বিদেশি প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসি-এর অর্থায়নে প্রস্তাবিত এই সফরে প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গিয়ে মশক নিয়ন্ত্রণ ও নিধনের বিভিন্ন প্রযুক্তি ও পদ্ধতি পর্যবেক্ষণ করার পরিকল্পনা করেছিল।
তবে প্রস্তাবটি পর্যালোচনা করে প্রধানমন্ত্রী মত দেন, মশক নিধনের কৌশল শেখার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রয়োজন নেই। বরং দেশের বাস্তব পরিস্থিতির মধ্যেই কার্যকর ও উদ্ভাবনী সমাধান খুঁজে বের করা সম্ভব।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরও বলা হয়, স্থানীয়ভাবে—বিশেষ করে ডোবা, জলাবদ্ধ এলাকা ও মশার প্রজননস্থলে উপস্থিত থেকেই সমস্যা বিশ্লেষণ করলে বাস্তবসম্মত ও কার্যকর সমাধান পাওয়া যেতে পারে।
উল্লেখ্য, চট্টগ্রাম সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০২১ সালের ২৭ জানুয়ারি। ওই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী মেয়র নির্বাচিত হন। পরে ফলাফল চ্যালেঞ্জ করে বিএনপির প্রার্থী শাহাদাত হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন।
পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। একই বছরের ১ অক্টোবর ট্রাইব্যুনাল রায় দিয়ে রেজাউল করিম চৌধুরীর নির্বাচন বাতিল করে শাহাদাত হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। তিনি ৩ নভেম্বর মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন।
মন্তব্য করুন

