শিরোনাম

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

প্রকাশনার সময়: ১ জুন ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

 

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাফায়াত উল্লাহ ওই গ্রামের শফিকুর রহমানের ছেলে। তিনি স্থানীয় বহুলাপাড়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করতেন এবং একই সঙ্গে বেগমপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার (৩১ মে) রাতে প্রতিদিনের মতো খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন শাফায়াত উল্লাহ। রাত আনুমানিক ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল কাদের জানান, শাফায়াত উল্লাহ শুধু ইউনিয়ন ওলামা বিভাগের সভাপতি নন, তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পোতারপাড়া জামে মসজিদের খতিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। তিনি সাপের কামড়েই মারা গেছেন বলে তিনি নিশ্চিত করেন।

দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) মোখলেসুর রহমান ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন