মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা
আর্জেন্টিনা বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।
পাশাপাশি ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন খেলোয়াড় এই দলে আছেন।
আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতা মূল দলের খেলোয়াড়দের রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। গুঞ্জন শোনা গেলেও অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গত ফাইনালের গোলদাতা।
মিডফিল্ডার জিওভানি লো সেলসো গত বিশ্বকাপে খেলতে পারেননি ইনজুরির কারণে। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে। ২০১৮ সালে রাশিয়ায় দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি এই মিডফিল্ডারের।
মন্তব্য করুন

