শিরোনাম

দিবালাকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার কারণ জানালেন স্কালোনি

প্রকাশনার সময়: ২৯ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনার চূড়ান্ত ২৬ সদস্যের দল গঠনে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে কোচ লিওনেল স্কালোনিকে। ২০২২ বিশ্বকাপজয়ী দলের কয়েকজন পরিচিত মুখ এবার জায়গা পাননি। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে পাওলো দিবালার নাম। অবাক করার বিষয়, ৫৫ সদস্যের প্রাথমিক তালিকাতেও রাখা হয়নি অভিজ্ঞ এই ফরোয়ার্ডকে।

সম্প্রতি ডিস্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কালোনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, দিবালার সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। রোমার হয়ে তার পারফরম্যান্সও ছিল দারুণ।

স্কালোনি বলেন, “পাওলো অসাধারণ একজন খেলোয়াড়। সে দুর্দান্তভাবে ফিরে এসেছে এবং রোমার হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার পেছনেও তার বড় ভূমিকা আছে।”

তবে দলে জায়গা না পাওয়ার পেছনে মূল কারণ হিসেবে তিনি তরুণদের উত্থানের কথাই তুলে ধরেন। স্কালোনির ভাষায়, নতুনরা নিজেদের প্রমাণ করেছে এবং সুযোগ পাওয়ার দাবি রাখে। তাই দল নির্বাচনে ভবিষ্যৎ পরিকল্পনাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

দিবালার দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকাও সিদ্ধান্তে প্রভাব ফেলেছে। সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে দলে দেখা যায়। কিন্তু দুই ম্যাচ মিলিয়ে মাঠে ছিলেন মাত্র ১৬ মিনিট। এরপর আর কোনো আন্তর্জাতিক উইন্ডোতে ডাক পাননি তিনি। এই সময়ের মধ্যে নিকো পাজসহ কয়েকজন তরুণ ফুটবলার নিজেদের অবস্থান শক্ত করেছেন।

বর্তমানে ৩২ বছর বয়সী দিবালাকে নিয়ে স্কালোনি বলেন, “তার মান নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা তাকে খুবই পছন্দ করি, মানুষ হিসেবেও সে দারুণ। কিন্তু আমাদের বর্তমানের পাশাপাশি ভবিষ্যতের কথাও ভাবতে হয়। আরও কিছু বিশ্বকাপজয়ী খেলোয়াড়ও এবার বাদ পড়েছে। অনেক কিছু বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

২০২৫-২৬ মৌসুমটা দিবালার জন্য সহজ ছিল না। নতুন কোচ জিয়ান পিয়েরো গ্যাসপেরিনির কৌশলের সঙ্গে মানিয়ে নেওয়া এবং হাঁটুর অস্ত্রোপচারের কারণে তাকে বেশ কিছু সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। তবে মৌসুমের শেষদিকে দারুণভাবে ঘুরে দাঁড়ান তিনি। রোমার টানা পাঁচ জয়ের অভিযানে শেষ তিন ম্যাচে করেন চারটি অ্যাসিস্ট, যা দলকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট নিশ্চিত করতে বড় ভূমিকা রাখে। তবুও স্কালোনির পরিকল্পনায় শেষ পর্যন্ত জায়গা হয়নি এই আর্জেন্টাইন তারকার।

মন্তব্য করুন