এখনো প্রায় দেড় হাজার প্রতিষ্ঠানে ঈদের বোনাস পায়নি শ্রমিকরা

প্রকাশনার সময়: ২৬ মে ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

ঈদের আগে বেতন-বোনাস নিয়ে চাপ, এখনও দেড় হাজার কারখানায় বোনাস বাকি

ঈদুল আজহা সামনে রেখে শিল্পাঞ্চলের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে এখনও পুরোপুরি স্বস্তি ফেরেনি। শিল্পাঞ্চল পুলিশের হালনাগাদ তথ্য অনুযায়ী, তাদের আওতাধীন মোট ১০ হাজার ২৩৮টি শিল্পকারখানার মধ্যে প্রায় ১ হাজার ৫০০ কারখানায় এখনো ঈদ বোনাস পরিশোধ হয়নি। যা মোট কারখানার প্রায় ১৫ শতাংশ।

শিল্প পুলিশ জানিয়েছে, গার্মেন্টস ও টেক্সটাইল খাতে পরিস্থিতি তুলনামূলক কিছুটা ভালো হলেও এখনও উল্লেখযোগ্য সংখ্যক কারখানায় বোনাস বাকি রয়েছে। এ খাতের মোট ৩ হাজার ২৭০টি কারখানার মধ্যে ৪০৯টিতে এখনো ঈদ বোনাস পরিশোধ করা হয়নি।

শুধু বোনাস নয়, এপ্রিল মাসের বেতনও এখনো বাকি রয়েছে ১৬২টি কারখানায়। এর মধ্যে ৯২টি গার্মেন্টস ও টেক্সটাইল খাতের প্রতিষ্ঠান।

সংগঠনভিত্তিক হিসাবে শিল্প পুলিশের তথ্যে দেখা গেছে, বিজিএমইএভুক্ত ১ হাজার ৫৭০টি কারখানার মধ্যে ২২০টিতে বোনাস পরিশোধ বাকি রয়েছে। এছাড়া বিকেএমইএভুক্ত ৫৮২টি কারখানার মধ্যে ১২৬টি এবং বিটিএমএভুক্ত ৫৭টি কারখানায় এখনও বোনাস দেওয়া হয়নি।

তবে শিল্প পুলিশের এই তথ্যের সঙ্গে একমত নয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটির দাবি, তাদের সদস্যভুক্ত ১ হাজার ৭৯৪টি কারখানার মধ্যে ২৪ মে পর্যন্ত মাত্র ৪৬টি কারখানায় বোনাস বাকি ছিল। তাদের ভাষ্য, অধিকাংশ কারখানাতেই ইতোমধ্যে বেতন-বোনাস পরিশোধ সম্পন্ন হয়েছে।

এর আগে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ২১ মের মধ্যে সব কারখানায় শ্রমিকদের বেতন ও ঈদ বোনাস পরিশোধের নির্দেশনা দেয়। যদিও বাস্তবে অনেক কারখানা ২৬ মে পর্যন্ত খোলা রেখে ধাপে ধাপে বেতন-বোনাস পরিশোধ করছে।

সংশ্লিষ্টরা বলছেন, শিল্প পুলিশের তথ্য কেবল তাদের আওতাধীন কারখানাগুলোর চিত্র তুলে ধরে। দেশের আরও অনেক শিল্পপ্রতিষ্ঠান এই হিসাবের বাইরে রয়েছে।

মন্তব্য করুন