বিসিবি নির্বাচন: শেষ দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, অপেক্ষা যাচাই-বাছাইয়ের
আগামী ৭ জুনের বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনের মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ছিল আজ (শুক্রবার)। সবমিলিয়ে মোট ৩৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। রিটার্নিং অফিসার মোহাম্মদ তাহেরুল হক চৌহান আজ এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।
তিনি বলেন, ‘আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। আমরা মনোনয়ন ফর্ম জমা নিয়েছি সারা দিন ধরে। সকাল দশটায় আমরা এটা চালু করি এবং বিকেল পাঁচটা পর্যন্ত এটা চলে।’
তাহেরুল আরও বলেন, ‘তিনটা ক্যাটাগরিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এক নম্বর ক্যাটাগরি যেটা ক্যাটাগরি ওয়ান, সেখানে আমরা ১৪টি নমিনেশন ফর্ম গ্রহণ করেছি। আর ক্যাটাগরি (দুইতে) ১৮টি ফর্ম সাবমিট হয়েছে। আর ক্যাটাগরি থ্রিতে একটি।’
নির্বাচনী তফসিল অনুযায়ী আগামীকাল ২৩ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। এ নিয়ে তাহেরুল হক বলেন, ‘আজকে এটা গ্রহণ করলাম। এটা যাচাই-বাছাই হবে এবং এখানে তালিকাটাও প্রকাশ করা হবে তেইশ (২৩ মে) তারিখে। আমি আশা করছি যে আগামীকাল আমরা এটা যাচাই-বাছাই করব।’
তিনি আরও বলেন, ‘বিসিবির গঠনতন্ত্র ২০২৪ সালে সংশোধন করা হয়েছে। আর নির্বাচন পরিচালনার জন্য করা নীতিমালা, এই দুইটি বিষয় মাথায় রেখেই আমরা যাচাই-বাছাই করব।’
মন্তব্য করুন

