ঢাকাস্থ বানিয়াচং-আজমিরীগঞ্জ ইসলামিক অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রকাশনার সময়: ২১ মে ২০২৬, ১১:২৮ অপরাহ্ন

ঢাকাস্থ বানিয়াচং-আজমিরীগঞ্জ ইসলামিক অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর পল্টনে আয়োজিত এক আত্মপ্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। এসময় আগামী দুই বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের কমিটিও গঠন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। তিনি বলেন, ঢাকায় বসবাসরত বানিয়াচং ও আজমিরীগঞ্জের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় এ সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক আফছার আহমদ রূপক। তিনি বলেন, সমাজে নৈতিকতা, ঐক্য এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইসলামী সামাজিক সংগঠনগুলোর কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আল্লামা আব্দুর রব ইউসুফী, মাওলানা এখলাছুর রহমান, মাওলানা বদরুল আলম খান, মুফতি আল আমিন কাসেমী প্রমুখ। বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে ইসলামী শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মাওলানা মোবাশ্বির আহমেদ। পরে সকলের পরামর্শের ভিত্তিতে আগামী দুই বছরের জন্য সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা মোবাশ্বির সাহেব। সিনিয়র সভাপতি করা হয়েছে হাফেজ মাওলানা শহিদুল ইসলামকে।

সহ-সভাপতি পদে রয়েছেন মাওলানা আব্দুল হালিম নোমানী, মাওলানা শিহাব সাহেব, মুফতি সুলাইমান সাহেব ও মুফতি নাসির বিন নূর।

সাধারণ সম্পাদক হয়েছেন মাওলানা আবু মুসা সাঈদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মুফতি মাইনুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা মাহফুজুল হক নাসিম, মুফতি ওবায়দুল্লাহ ও মুফতি আনিসুল মুত্তাকিন।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন মুফতি শিক্কির সাহেব। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুফতি রুহুল আমিন ও মুফতি ফরিদউদ্দিন মাসউদ।

প্রচার সম্পাদক পদে রয়েছেন মুফতি জাকারিয়া। সহকারী প্রচার সম্পাদক করা হয়েছে মুফতি কফিল উদ্দিন ও মাওলানা তারেককে।

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মাওলানা আমিন উদ্দিন এবং সমাজসেবা সম্পাদক হিসেবে মাওলানা ফখরুদ্দিন দায়িত্ব পেয়েছেন।

অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বানিয়াচং ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নবগঠিত এই সংগঠন ভবিষ্যতে ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিবাচক ভূমিকা রাখবে।

মন্তব্য করুন