হবিগঞ্জে রণক্ষেত্র, আহত অর্ধশতাধিক

প্রকাশনার সময়: ২১ মে ২০২৬, ১০:১২ অপরাহ্ন

হবিগঞ্জের হবিগঞ্জ সদর উপজেলা–এ শিশুদের সামান্য ঝগড়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার শরীফপুর ও সুলতানশী গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলের সঙ্গে শরীফপুর গ্রামের আরেক শিশুর মধ্যে প্রথমে ঝগড়া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে পরে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হামলার ঘটনা ঘটে।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সংঘর্ষে পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ৫০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন দুলাল (৩০), মকসুদ আলী (৫৫), ইমরান মিয়া (২২), কিসমত আলী (৪২), রিপন মিয়া (৩৮), ফয়েজ মিয়া (২৫), আমির আলী (৪৫), সাব্বির মিয়া (১৮), রোকন মিয়া (২২), জাহির মিয়া (২৫) ও মোয়াজ (৪৫)সহ আরও অনেকে। গুরুতর আহত ২০ জনকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ওসি জাহিদ হোসেন বলেন, “শিশুদের ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

মন্তব্য করুন