শিরোনাম

মৌসুমির ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবি সেন্সর বোর্ডে বাতিল

প্রকাশনার সময়: ১৩ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে নির্মিত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। প্রজেক্টটির সঙ্গে যুক্ত অভিনেত্রী জেবা জান্নাত লিখিত অভিযোগে দাবি করেছেন, তাকে শুরুতে একটি নাটকে কাজ করার কথা বলা হয়েছিল। তবে পরে সেটিকে সিনেমা হিসেবে মুক্তির পরিকল্পনা করা হলে তিনি আপত্তি জানান। তার অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছবিটির মুক্তির অনুমতি বাতিল করেছে বলে জানা গেছে।

অভিযোগে জেবা উল্লেখ করেন, তার সঙ্গে কেবল নাটকের জন্য চুক্তি করা হয়েছিল। সিনেমা হিসেবে মুক্তির বিষয়ে কোনো ধরনের চুক্তি হয়নি। বিষয়টি জানতে পেরে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।

এদিকে এই প্রজেক্টে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীও। দুই বছর আগে যুক্তরাষ্ট্রে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এ প্রজেক্টে কাজ করেছিলেন তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে মৌসুমী জানান, এটি মূলত একজন তরুণীর সংগ্রামের গল্প নিয়ে নির্মিত এক ঘণ্টার নাটক হওয়ার কথা ছিল।

মৌসুমীর ভাষ্য অনুযায়ী, নির্মাতা হাসান জাহাঙ্গীরের অনুরোধে তিনি কাজটিতে যুক্ত হন। নির্ধারিত দুই দিনের শুটিং শেষ হতে অতিরিক্ত সময় লাগে। পরে নির্মাতা এটিকে টেলিফিল্ম হিসেবে প্রচারের কথা বললে তাতেও তিনি সম্মতি দেন। তবে সম্প্রতি গণমাধ্যমে এটি সিনেমা হিসেবে মুক্তির খবর দেখে বিস্মিত হন তিনি।

অন্যদিকে জেবা জান্নাতও অভিযোগ করেন, নাটকের কথা বলে তাকে কাজ করানো হলেও পরে জানতে পারেন এটি সিনেমা হিসেবে মুক্তির প্রস্তুতি চলছে। এরপর থেকেই তিনি বিষয়টিতে আপত্তি জানিয়ে আসছেন।

‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত।

মন্তব্য করুন