জাপানের পার্লামেন্ট ভবন পরিদর্শনে জামায়াত আমীর
জাপান সফরের অংশ হিসেবে দেশটির পার্লামেন্ট ভবন পরিদর্শন করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। বৃহস্পতিবার (৭ মে) তিনি টোকিওর নাগাতাচো এলাকায় অবস্থিত জাপানের জাতীয় সংসদ ভবন ‘ন্যাশনাল ডায়েট বিল্ডিং’ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে তিনি পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কক্ষ পরিদর্শন করেন। এ সময় জাপানের পার্লামেন্টের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাকে ভবনটির ইতিহাস, কার্যক্রম এবং দেশটির আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।
জাপানের দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় আইনসভা ‘ডায়েট’-এর কেন্দ্র হিসেবে ব্যবহৃত এই ভবনে বর্তমানে মোট ৭১৩ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এর মধ্যে নিম্নকক্ষে রয়েছেন ৪৬৫ জন এবং উচ্চকক্ষে ২৪৮ জন সদস্য।
সফরে ডা. শফিকুর রহমানের সঙ্গে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান জাপানের গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম, শৃঙ্খলা ও আধুনিক ব্যবস্থাপনার প্রশংসা করেন।
মন্তব্য করুন

