শিরোনাম

নিবন্ধন পরীক্ষা ছাড়াই এনটিআরসিএতে সরাসরি শিক্ষক নিয়োগ, শিগগিরই বিজ্ঞপ্তি

প্রকাশনার সময়: ২০ এপ্রিল ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বেসরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড় পরিবর্তন আনছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগের মতো আলাদা নিবন্ধন সনদ পরীক্ষার প্রয়োজন হবে না। এর পরিবর্তে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখান থেকেই প্রার্থী বাছাই করা হবে।

নতুন পদ্ধতিতে আগ্রহীরা বিজ্ঞপ্তির ভিত্তিতে আবেদন করবেন। এরপর তাদের বহুনির্বাচনি (এমসিকিউ) পরীক্ষা ও মৌখিক পরীক্ষার মধ্য দিয়ে মূল্যায়ন করা হবে। দুই ধাপেই উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগের জন্য উপযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।

এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, প্রথমবারের মতো এই সরাসরি নিয়োগ পদ্ধতি চালু করা হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্যপদের চাহিদা সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, এক সপ্তাহের মধ্যেই এ বিজ্ঞপ্তি জারি করা সম্ভব হতে পারে।

সূত্র জানায়, স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান মিলিয়ে বর্তমানে মোট ৭৭ হাজার ৭৯৯টি পদ শূন্য রয়েছে। এসব পদ যাচাই শেষে চূড়ান্ত তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হবে।

নিয়োগ প্রক্রিয়ায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে উত্তীর্ণ প্রার্থীরা ২০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে। এরপর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

চূড়ান্তভাবে নির্বাচিতদেরই শুধু এনটিআরসিএ থেকে শিক্ষক পদে নিয়োগের সনদ প্রদান করা হবে।

বর্তমানে দেশে প্রায় ৩৪ হাজার ১২৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৫ লাখ ৯৮ হাজার ৯৯৪ জন শিক্ষক এবং ২ লাখ ৬ হাজার ৬৯৯ জন কর্মচারী কর্মরত আছেন।

মন্তব্য করুন