পাকিস্তানে সোমবার হবে যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফার আলোচনা
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা আগামী সোমবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই বৈঠক হতে পারে।
গত শনিবার (১১ এপ্রিল) ইসলামাবাদে প্রথম দফার আলোচনা হয়, যেখানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের ঘালিবাফ নেতৃত্ব দেন। পাকিস্তানের মধ্যস্থতায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ইরানের একটি সূত্র গতকাল শুক্রবার (১৮ এপ্রিল) সিএনএনকে জানিয়েছে, আসন্ন আলোচনাকে সামনে রেখে রোববার আলোচনাকারীরা ইসলামাবাদে পৌঁছাতে পারেন।
প্রথম দফার আলোচনায় কোনো ব্রেকথ্রু হয়নি।
তবে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ আবারও আলোচনায় বসতে সম্মত হয়েছে। যদিও প্রথম বৈঠকে সময় চূড়ান্ত করা হয়নি।
প্রসঙ্গত, টানা ৪০ দিনের যুদ্ধের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন চাপে ইসরায়েলও সেদিন থেকে ইরানে হামলা বন্ধ করে।
এরপর গত পরশু ইসরায়েল লেবাননের সঙ্গে ১০ দিনের যুদ্ধবিরতিতে পৌঁছায়। এর প্রেক্ষিতে তেহরান হরমুজ প্রণালি খুলে দেয়।
এখন পর্যন্ত দ্বিতীয় দফার আলোচনার সঠিক সময় ও এজেন্ডা চূড়ান্ত হয়নি, তবে পাকিস্তানের মধ্যস্থতায় প্রক্রিয়াটি অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন

