শিরোনাম

ডিউটিরত অবস্থায় নিজের মাথায় গুলি করলেন কনস্টেবল

প্রকাশনার সময়: ১৮ এপ্রিল ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

খুলনায় দায়িত্ব পালনরত অবস্থায় এক পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) ভোরে নগরীর রেলওয়ে পুলিশ লাইন্সের অস্ত্রাগার এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কনস্টেবল সম্রাট বিশ্বাস গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার পদ্মবিলা এলাকার বাসিন্দা এবং শৈলেন বিশ্বাসের ছেলে। তার স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরা জেলায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ম্যাগাজিন গার্ডে দায়িত্ব পালনকালে নিজের ব্যবহৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান জানান, গত বছরের ৩ নভেম্বর সম্রাট বিশ্বাস এখানে যোগদান করেন এবং দায়িত্ব পালনে তিনি ছিলেন নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল এবং ওই সময়েই তিনি নিজের অস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং পরিবারের সদস্যদের অবহিত করা হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর