নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার, একটিতে থাকছে সরকারি ছুটি
সরকার ৬ জুলাইকে ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বরকে ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ৭ নভেম্বর সরকারি ছুটি হিসেবে পালিত হবে, তবে ৬ জুলাই কোনো ছুটি থাকবে না।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। তিনি বলেন, গ্রামীণ উন্নয়নকে গুরুত্ব দিতে ৬ জুলাই দিনটি বিশেষভাবে পালন করা হবে।
বৈঠকে ‘নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা, ২০২৫’ নিয়েও বিস্তারিত আলোচনা হয়। সরকার ২০৩০ সালের মধ্যে সৌরবিদ্যুৎ থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এই লক্ষ্য বাস্তবায়নে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

