শিরোনাম

ব্যাংক হিসাবের বিস্তারিত প্রকাশ করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ

প্রকাশনার সময়: ৫ মার্চ ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ব্যাংক হিসাবের বিস্তারিত প্রকাশ করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিজের ও পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর মুখপাত্র।

বুধবার সাংবাদিকদের উদ্দেশে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি জানান, স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে নিজের, স্ত্রী, পিতা ও মাতার নামে পরিচালিত মোট ৯টি ব্যাংক হিসাবের সারসংক্ষেপ তথ্য প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সব হিসাবের পূর্ণাঙ্গ স্টেটমেন্টের সফট কপি সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিবৃতিতে জানানো হয়, তার নিজের নামে ডাচ বাংলা ব্যাংক পিএলসি–এর হিসাবে ১৯ মার্চ ২০২৪ থেকে ৩ মার্চ ২০২৬ পর্যন্ত সময়ে মোট জমা হয়েছে ৮৫ লাখ ৮১ হাজার ৯৬১ টাকা এবং উত্তোলন হয়েছে ৭৬ লাখ ৩ হাজার ৩৩৫ টাকা। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৯ লাখ ৭৮ হাজার ৬২৬ টাকা। এছাড়া সোনালী ব্যাংক পিএলসি–এ খোলা আরেকটি হিসাবে বর্তমানে স্থিতি রয়েছে ৯ হাজার ৯৩০ টাকা।

তার স্ত্রীর নামে থাকা প্রাইম ব্যাংক পিএলসি–এর হিসাবে চলতি স্টেটমেন্ট মেয়াদে মোট জমা ৫১৫ টাকা এবং উত্তোলন ২ টাকা দেখানো হয়েছে। বর্তমানে ওই হিসাবে স্থিতি রয়েছে ৬১৩ টাকা।

পিতার নামে পরিচালিত একাধিক হিসাবে গত দেড় বছরের স্টেটমেন্ট অনুযায়ী তথ্য উপস্থাপন করা হয়। এর মধ্যে জনতা ব্যাংক পিএলসি–এর হিসাবে বর্তমানে স্থিতি রয়েছে ৫১ হাজার ৯৯০ টাকা। একই ব্যাংকে থাকা একটি ঋণ হিসাবে মোট ১০ লাখ টাকা ঋণ গ্রহণের বিপরীতে পরিশোধ হয়েছে ৩ লাখ ৭০ হাজার ২৫৪ টাকা এবং বর্তমান দায় রয়েছে ৬ লাখ ২৯ হাজার ৭৪৬ টাকা।

এ ছাড়া পিতার নামে থাকা রূপালী ব্যাংক পিএলসি–এর হিসাবে বর্তমানে স্থিতি রয়েছে ২৭ হাজার ৬০২ টাকা এবং অগ্রণী ব্যাংক পিএলসি–এর হিসাবে স্থিতি রয়েছে ৬৬ হাজার ১০৮ টাকা।

পিতার নামে পরিচালিত ব্যবসায়ী হিসাব ‘ইসরাত এন্টারপ্রাইজ’-এর ক্ষেত্রে এনআরবিসি ব্যাংক পিএলসি–এ মোট জমা দেখানো হয়েছে ৪ লাখ ২ হাজার ৯ টাকা এবং বর্তমানে স্থিতি রয়েছে ৪ লাখ ৯০৩ টাকা।

এদিকে, তার মায়ের নামে থাকা রূপালী ব্যাংকের হিসাবে চলতি স্টেটমেন্ট অনুযায়ী বর্তমানে স্থিতি রয়েছে ২১ হাজার ১৫৪ টাকা।

বিবৃতিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উল্লেখ করেন, কয়েকটি হিসাবে পূর্ববর্তী সময়ের স্থিতি অন্তর্ভুক্ত থাকায় কেবল সাম্প্রতিক জমা ও উত্তোলনের হিসাবের সঙ্গে বর্তমান স্থিতির সরাসরি মিল নাও থাকতে পারে। তবে স্বচ্ছতা বজায় রাখতেই সব প্রাসঙ্গিক নথি সাংবাদিকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

মন্তব্য করুন