ইকরাকে নিয়ে আলভীর নতুন পোস্ট, ফের বিতর্কের সৃষ্টি
ইকরাকে আদর করে ‘ইকলি’ নামে ডাকতেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। সেই নাম উল্লেখ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে সদ্যপ্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে নিয়ে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।
পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয় তীব্র সমালোচনা। অনেকেই আলভীর বক্তব্যকে ‘আবেগের আড়ালে দায় এড়ানোর চেষ্টা’ বলে উল্লেখ করেন। কেউ কেউ আবার সাম্প্রতিক বিতর্কের প্রেক্ষাপটে এমন পোস্টের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
সমালোচনার চাপ বাড়তে থাকায় একপর্যায়ে নিজের পোস্টের মন্তব্যের ঘর বন্ধ করে দেন আলভী। তবে তাতেও আলোচনা থামেনি। পোস্টটির স্ক্রিনশট বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে ছড়িয়ে পড়ে। সেখানে অনেকে ক্ষোভ প্রকাশ করে লেখেন, ব্যক্তিগত ট্র্যাজেডিকে সামনে এনে জনমত প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।
ইকরার মৃত্যুকে ঘিরে এর আগেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছিল। ইকরার পরিবারের অভিযোগ, আলভীর সঙ্গে সহকর্মী ইফফাত আরা তিথির সম্পর্কের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা।
এ ঘটনায় ইকরার বাবা কবির হায়াত খান রাজধানীর পল্লবী থানায় একটি মামলা করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইকরা মারা যান। এরপর থেকেই আলভী ও তিথির সম্পর্ক ঘিরে আলোচনা আরও তীব্র হয়ে ওঠে।
মন্তব্য করুন

