চট্টগ্রামে শিশু ইরাকে হত্যা পারিবারিক বিরোধে : পুলিশ

প্রকাশনার সময়: ৩ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সাত বছর বয়সী জান্নাতুল নাইমা ইরাকে হত্যার পরিকল্পনা করেছিল বলে স্বীকার করেছেন গ্রেপ্তার আসামি বাবু শেখ (৪৫)। আজ সন্ধ্যায় ঢাকা পোস্টকে এ কথা জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন।    

পুলিশ বলছে, রোববার সকালে পূর্বপরিকল্পনা অনুযায়ী বাবু শেখ শিশুটিকে চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। কুমিরা থেকে বাসযোগে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে নেমে পায়ে হেঁটে পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুটি চিৎকার শুরু করলে অভিযুক্ত তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে এবং মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায় বলে জবানবন্দিতে উল্লেখ করে।

পরে আহত অবস্থায় শিশুটি নির্মাণাধীন সড়কের দিকে উঠে এলে শ্রমিকরা তাকে উদ্ধার করে বেলা আনুমানিক ১টা ৩০ মিনিটে থানায় খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জান্নাতুল নাইমা ইরাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ মার্চ ভোরে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন