খামেনির শেষ বিদায়ে তেহরান যাচ্ছেন বাংলাদেশের স্পিকার
কূটনৈতিক প্রতিবেদক
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে তেহরান সফরে যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে তিনি এই সফর করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে ইরান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অনুষ্ঠানে অংশ নেবেন।
ইরানের রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী, প্রয়াত নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে কয়েক ধাপে অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন করা হয়েছে। আগামী ৪ জুলাই তেহরানে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ৭ জুলাই কোম শহরে দ্বিতীয় জানাজা এবং ৯ জুলাই মাশহাদে শেষ জানাজা শেষে তাকে দাফন করা হবে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হন বলে ইরান জানিয়েছে। হামলায় তার পরিবারের আরও কয়েকজন সদস্যও প্রাণ হারান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। এর আগে তিনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন
