বাড়লো বিদ্যুতের দাম, জুন থেকে কার্যকর
দেশে বিদ্যুতের পাইকারি ও খুচরা—উভয় পর্যায়ে নতুন করে মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন ঘোষণায় পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সঞ্চালন (ট্রান্সমিশন) চার্জও ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
বুধবার (৩ জুন) রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এ সিদ্ধান্তের ঘোষণা দেন। নতুন ট্যারিফ চলতি জুন মাস থেকেই কার্যকর হবে।
সংশোধিত ট্যারিফ অনুযায়ী, গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় মূল্য ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে পাইকারি পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি পেয়েছে।
বিইআরসি জানায়, বিভিন্ন শ্রেণির গ্রাহকদের জন্য ভিন্ন হারে মূল্য সমন্বয় করা হয়েছে। লাইফলাইন গ্রাহকদের ক্ষেত্রে দাম বেড়েছে ১৫ শতাংশ, আর অন্যান্য শ্রেণিতে এ বৃদ্ধি সর্বোচ্চ ১৯ দশমিক ৯৪ শতাংশ পর্যন্ত হয়েছে।
এর আগে গত ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত গণশুনানিতে দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দেয়। প্রস্তাব অনুযায়ী বিপিডিবি ইউনিটপ্রতি ৮৫ পয়সা, আরইবি ১ টাকা ৭৭ পয়সা, ডিপিডিসি ১ টাকা ৫৪ পয়সা, ডেসকো ১ টাকা ৯৮ পয়সা, ওজোপাডিকো ১ টাকা ৩৯ পয়সা এবং নেসকো ২ টাকা ৫ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর সুপারিশ করে।
সংশ্লিষ্টদের মতে, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যয় বৃদ্ধি এবং খাতটির আর্থিক ভারসাম্য রক্ষার প্রয়োজনীয়তা থেকেই এ মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নতুন এই দর কার্যকর হওয়ার ফলে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে বিদ্যুৎ ব্যয় বাড়বে, যার প্রভাব সামগ্রিক জীবনযাত্রার খরচ ও উৎপাদন ব্যয়ের ওপর পড়তে পারে।
মন্তব্য করুন

