শিরোনাম

ভারতে পৌঁছেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, পেলেন বিক্ষোভের অনুমতি

প্রকাশনার সময়: ৬ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ফিরে এসেছেন। শনিবার সকালে তিনি দিল্লিতে পৌঁছান এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য নিশ্চিত করেন। রাজধানীর ঐতিহাসিক যন্তর মন্তরে আয়োজিত পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতেই তার এই সফর বলে জানা গেছে।

দিল্লিতে পৌঁছে অভিজিৎ তার সমর্থকদের প্রতি আন্দোলনের পুরো সময় শৃঙ্খলা বজায় রাখা এবং কর্মসূচিকে সম্পূর্ণ অহিংস রাখার আহ্বান জানান। এক্সে দেওয়া এক বার্তায় তিনি লেখেন, যন্তর মন্তরে উপস্থিত হওয়ার সময় সবাইকে একটি বই এবং ভারতের জাতীয় পতাকা সঙ্গে আনার অনুরোধ করা হচ্ছে।

পুলিশ সদস্যদের প্রতিও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে ফুল উপহার দেওয়া যেতে পারে। তার ভাষ্য, ভালোবাসা ও শান্তিপূর্ণ অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলনের লক্ষ্য অর্জন সম্ভব।

বিমানবন্দরে অভিজিতের হাতে ভারতের বিশিষ্ট সমাজ সংস্কারক ড. বি. আর. আম্বেদকরের আত্মজীবনী দেখা যায়। এদিকে দলের এক মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যন্তর মন্তরে শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের জন্য দিল্লি পুলিশের প্রয়োজনীয় অনুমতি তারা পেয়েছেন।

বিমানবন্দরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর আন্দোলনকারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়। এতে সমর্থকদের পার্লামেন্ট স্ট্রিট থানার সামনে জমায়েত না হয়ে সরাসরি যন্তর মন্তরে যাওয়ার অনুরোধ জানানো হয়।

পরে অভিজিৎ দিপকে এক্সে দেওয়া আরেক পোস্টে জানান, সকাল ১০টা থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশ নিতে সবাই যেন সরাসরি সমাবেশস্থলে উপস্থিত হন।

গত ১৬ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির নামের সঙ্গে সাদৃশ্য রেখে ‘ককরোচ জনতা পার্টি’ নামের এই ব্যঙ্গধর্মী রাজনৈতিক প্ল্যাটফর্মের ঘোষণা দেন অভিজিৎ।

দলটির দাবি, ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অধীনে পরিচালিত কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে আনুষ্ঠানিক আন্দোলন শুরু করেছে ককরোচ জনতা পার্টি।

মন্তব্য করুন