বেনিয়ামিন নেতানিয়াহু হাসপাতালে ভর্তি
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৫ মে) সন্ধ্যায় তাকে জেরুজালেমের হাদাসাহ আইন কেরেম মেডিকেল সেন্টার-এ নেওয়া হয়।
হিব্রু গণমাধ্যমে নেতানিয়াহুকে হাসপাতালে নেওয়ার খবর প্রকাশের পর প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, মূলত দাঁতের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত অবস্থা সাম্প্রতিক সময়ে ইসরায়েলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তার শারীরিক অবস্থার বিষয়ে তথ্য গোপনের অভিযোগও উঠেছে, যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ফলে দেশটির রাজনৈতিক অঙ্গনে নেতানিয়াহুর সামগ্রিক স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে।
গত মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু জানান, তিনি সম্প্রতি একই হাসপাতালে প্রোস্টেটের ম্যালিগন্যান্ট (ক্যানসারজনিত) টিউমারের সফল অস্ত্রোপচার করিয়েছেন।
তার দাবি, ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বিষয়টি প্রকাশ করলে তা ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণায় ব্যবহার করা হতে পারত, তাই তিনি তথ্য গোপন রেখেছিলেন। তবে কখন তার রোগ শনাক্ত হয়, চিকিৎসা শুরু বা শেষ হয়েছে—এসব বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।
নেতানিয়াহুর বার্ষিক স্বাস্থ্য প্রতিবেদন ও ক্যানসার চিকিৎসা-সংক্রান্ত একটি অতিরিক্ত নথিও প্রকাশ করা হয়। তবে ওই প্রতিবেদনে সীমিত তথ্য ছিল এবং কোন বছরের প্রতিবেদন তা উল্লেখ করা হয়নি। পাশাপাশি নথিগুলোতে হাসপাতালের আনুষ্ঠানিক লোগো বা চিকিৎসা বিবৃতিও ছিল না।
এর আগে ২০২৩ সালের জুলাইয়ে নেতানিয়াহুর শরীরে পেসমেকার বসানো হয়। এছাড়া ২০২৪ সালের মার্চে তার হার্নিয়ার অস্ত্রোপচার এবং একই বছরের ডিসেম্বরে প্রোস্টেট অপসারণের অস্ত্রোপচার করা হয়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
মন্তব্য করুন

