নাসীরুদ্দীন পাটওয়ারীকে আইনি নোটিশ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে কটূক্তি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
শুক্রবার (২২ মে) ময়মনসিংহ জজকোর্টের আইনজীবী একে এম আজিজুল হক খান এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা দেশের কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। নোটিশদাতা নিজেও এতে মর্মাহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।
আইনজীবী একে এম আজিজুল হক খান জানান, কেন নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হবে না—এ মর্মে আগামী ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নোটিশে যোগাযোগের ঠিকানাও সংযুক্ত করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, অ্যাডভোকেট একে এম আজিজুল হক খান, জজকোর্ট ময়মনসিংহ, জুবেদ আলী ভবন, কক্ষ নং–৮৫, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি, ময়মনসিংহ।
মন্তব্য করুন

