স্থানীয় সরকার নির্বাচনে আসছে বড় পরিবর্তন
স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, বাতিল হচ্ছে ইভিএম ও অনলাইন মনোনয়ন
চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো এবার স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার ব্যবহার থাকছে না। পাশাপাশি অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাতিল করা হচ্ছে এবং ইভিএম ব্যবহারের সুযোগও থাকছে না।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে অন্যতম হলো পোস্টার নিষিদ্ধ করা।
ইসি সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ নির্দলীয়ভাবে আয়োজন করা হবে। ফলে কোনো দলীয় প্রতীক ব্যবহার করা যাবে না। একই সঙ্গে নির্দলীয় প্রার্থীদের জন্য বর্তমানে থাকা ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দেওয়ার বাধ্যবাধকতাও বাতিল করা হচ্ছে।
আব্দুর রহমানেল মাছউদ জানান, উপজেলা নির্বাচন ছাড়া স্থানীয় সরকারের অন্য সব স্তরের নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হবে। তবে কতটা বাড়বে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এ ছাড়া প্রবাসী ভোট বা পোস্টাল ভোটের কোনো ব্যবস্থা থাকছে না বলেও জানান তিনি। পাশাপাশি ফেরারি আসামি কিংবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় চার্জশিটভুক্ত কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
তিনি বলেন, নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করতে বিধিমালায় প্রয়োজনীয় সংশোধন আনা হচ্ছে। ঈদুল আজহার পর সংশোধিত বিধিমালার খসড়া চূড়ান্ত করা হতে পারে এবং জুনের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য রয়েছে।
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু হতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চলতি বছরের অক্টোবর থেকেই নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে।
সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে চারটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন এই নির্বাচন কমিশনার। এর মধ্যে রয়েছে সরকারের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ, নির্বাচন কমিশনের আপসহীন অবস্থান এবং নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের সততা ও আন্তরিকতা।
তিনি বলেন, শুধু আইন প্রয়োগ করলেই সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোকেও সংঘর্ষ এড়িয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হলেও বাস্তবে রাজনৈতিক সমর্থনের প্রভাব থাকে, তাই দলগুলোর আচরণ নির্বাচনি পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ।
আব্দুর রহমানেল মাছউদ আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচন ঘিরে উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর বা লাঠালাঠি থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে। ভোটের পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে এবং রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং কর্মকর্তা ও পোলিং স্টাফরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন।
তিনি হুঁশিয়ার করে বলেন, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে ভোটকেন্দ্র বন্ধসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: বাসস
মন্তব্য করুন

