শিরোনাম

এআই ট্রাফিক নজরদারিতে এক সপ্তাহে ৩০০ মামলা

প্রকাশনার সময়: ১১ মে ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

রাজধানীতে ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এআই প্রযুক্তিসম্পন্ন ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় গত এক সপ্তাহে ৩ শতাধিক ডিজিটাল মামলা দায়ের করা হয়েছে। এই কার্যক্রম পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা হতে পারে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর উত্তরার এয়ারপোর্ট সড়কে নতুন ট্রাফিক সিগন্যাল লাইট উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের ট্রাফিক ব্যবস্থাকে আধুনিক ও শৃঙ্খলাপূর্ণ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো যানবাহন সিগন্যাল অমান্য করলে, উল্টো পথে চলাচল করলে বা স্টপ লাইন অতিক্রম করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে। অভিযুক্ত চালক বা মালিক চাইলে ভিডিও ফুটেজে নিজের অপরাধও দেখতে পারবেন।

তিনি আরও বলেন, “শাস্তি দেওয়াই মূল উদ্দেশ্য নয়, বরং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।” বর্তমানে রাজধানীর আটটি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রায় ৩০টি পয়েন্টে এটি স্থাপন করা হবে বলে জানান তিনি।

এর আগে ডিএমপির পক্ষ থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং নাগরিক সেবা উন্নত করতে রাজধানীর বিভিন্ন সড়কে উন্নত প্রযুক্তির সিসি ক্যামেরা ও এআইভিত্তিক নজরদারি চালু করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গের ঘটনা শনাক্ত করে ই-ট্রাফিক প্রসিকিউশন সফটওয়্যারের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও নোটিশ পাঠানো হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন, অবৈধ পার্কিং, লাল বাতি অমান্য, উল্টো পথে চলাচল, যত্রতত্র যাত্রী ওঠানামা এবং লেফট লেন দখলের মতো অপরাধের বিরুদ্ধে ডিজিটাল ব্যবস্থা নেওয়া হচ্ছে। নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট মালিক বা চালককে নির্ধারিত ট্রাফিক বিভাগে হাজির হয়ে ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জরিমানা পরিশোধ করতে হবে।

ডিএমপি জানিয়েছে, নোটিশ পাওয়ার পরও কেউ হাজির না হলে তার বিরুদ্ধে সমন বা গ্রেফতারি পরোয়ানাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি সিসি ক্যামেরার মামলার নামে প্রতারণা বা অননুমোদিত আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

মন্তব্য করুন