শিরোনাম

বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষণা আর্জেন্টিনার, চমক নতুন কয়েকটি মুখ

প্রকাশনার সময়: ১১ মে ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আগামী বিশ্বকাপকে সামনে রেখে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। সোমবার (১১ মে) ঘোষিত এই দলে বেশ কয়েকজন নতুন ও চমকপ্রদ ফুটবলার জায়গা পেয়েছেন।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনি এই প্রাথমিক তালিকা থেকেই পরবর্তীতে ২৬ সদস্যের চূড়ান্ত দল নির্বাচন করবেন। আগামী ৩০ মে চূড়ান্ত স্কোয়াড ঘোষণার শেষ সময় নির্ধারণ করা হয়েছে। টুর্নামেন্ট শুরুর আগে কেউ ইনজুরিতে পড়লে, বদলি খেলোয়াড়ও নেওয়া হবে এই তালিকা থেকেই।

গোলরক্ষকদের তালিকায় আছেন বিশ্বকাপজয়ী এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুল্লি ও হুয়ান মুসো। পাশাপাশি প্রথমবারের মতো নজর কেড়েছেন তরুণ গোলকিপার সান্তিয়াগো বেলত্রান।

রক্ষণভাগে নিয়মিত মুখ গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার নাম থাকলেও ইনজুরি শঙ্কায় আছেন মলিনা। বিকল্প হিসেবে তালিকায় রাখা হয়েছে অগাস্টিন গিয়াই, কেভিন ম্যাক অ্যালিস্টার ও নিকোলাস কাপালদোকে।

এবারের স্কোয়াডে চমক হয়ে এসেছেন লাউতারো দি লোলো ও জায়েদ রোমেরো। তবে সাম্প্রতিক আন্তর্জাতিক বিরতিতে দলে থাকা টমাস প্যালাসিওস জায়গা পাননি এবারের তালিকায়।

মিডফিল্ড ও আক্রমণভাগেও নতুন কয়েকজন ফুটবলারকে সুযোগ দিয়েছেন স্ক্যালোনি। তাদের মধ্যে রয়েছেন মিল্টন দেলগাদো ও টমাস আরান্দা। তরুণ এই দুই ফুটবলার ইতোমধ্যেই বয়সভিত্তিক দলে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। আরান্দাকে নিয়ে স্ক্যালোনি বলেছেন, তিনি “দারুণ সম্ভাবনাময় ও আকর্ষণীয় একজন ফুটবলার।”

এছাড়া অভিজ্ঞ কয়েকজন ফুটবলারও আবার ফিরেছেন আলোচনায়। কাতার বিশ্বকাপজয়ী দলের সদস্য গুইদো রদ্রিগেজের পাশাপাশি তালিকায় আছেন নিকোলাস ডোমিঙ্গেজ, আনিবাল মোরেনো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো। এছাড়া জায়গা পেয়েছেন মাতিয়াস সৌলে, ক্লাউদিও এচেভেরি ও জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। তবে নিষেধাজ্ঞার কারণে চূড়ান্ত দলে সুযোগ পেলেও বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না প্রেস্তিয়ান্নি।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর