ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, স্ত্রী হাসপাতালে
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা-এ পূর্ব বিরোধের জেরে এক দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন তার স্ত্রীও। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
রোববার (১০ মে) রাতে উপজেলার লাহিড়ী মোহনপুর ইউনিয়ন-এর দত্তপাড়া এলংজানি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোবহান প্রামানিক (৭০) স্থানীয় একটি দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার ছিলেন। আহত তার স্ত্রী শেফালী খাতুনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক হায়দুল ইসলাম (৫০) একই গ্রামের ইসমাইলের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সোবহান প্রামানিক ও তার স্ত্রী। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই নিহত হন সোবহান প্রামানিক এবং গুরুতর আহত হন তার স্ত্রী। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সন্দেহ হলে হায়দুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানান, একটি খাস পুকুরকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মোল্লা ও প্রামাণিক বংশের মধ্যে বিরোধ চলছিল। প্রায় দুই বছর আগে একই বিরোধে ওই এলাকায় সংঘর্ষে বাবা-ছেলে নিহত হওয়ার ঘটনাও ঘটে। সেই বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তারুজ্জামান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আটক ব্যক্তির সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
মন্তব্য করুন

