মির্জা আব্বাসকে নিয়ে ‘ভয়ভীতি ও মানহানির’ অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে বিজয়ী প্রার্থী ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন ও মানহানির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতর আদালতে এ আবেদন দাখিল করা হয়।
মামলার আবেদন করেন রমনা থানার বিএনপির বর্তমান সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী মো. আমিরুল ইসলাম আমির।
আইনজীবী আমিরুল ইসলাম জানান, ইতোমধ্যে আদালতে মামলার আবেদন জমা দেওয়া হয়েছে। তিনি বলেন, “সকাল ১১টার দিকে মামলার আবেদনের ওপর আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।”
অভিযোগে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেওয়া বক্তব্যে মির্জা আব্বাসকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর মন্তব্য করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, যা রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার পাশাপাশি ভয়ভীতির শামিল। এ ঘটনায় আইনি প্রতিকার চেয়ে আদালতে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী আইনি প্রক্রিয়া নির্ধারিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন

