সামনে আসছে টানা ১০ দিনের ছুটি, মিলবে যেভাবে
ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর আবারও বড় ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা কয়েক দিনের ছুটি মিলতে পারে, যা সামান্য পরিকল্পনায় আরও দীর্ঘ করা সম্ভব।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে টানা ছয় দিনের ছুটি নির্ধারিত রয়েছে। এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় পুরো সময়টি আরও দীর্ঘ করার সুযোগ তৈরি হয়েছে। প্রয়োজনে সাপ্তাহিক ছুটি সমন্বয়ের মাধ্যমে ছুটির মেয়াদ একদিন বাড়ানোও হতে পারে, যেমনটি আগে ঈদুল ফিতরের সময় করা হয়েছিল।
যারা দীর্ঘ ছুটি উপভোগ করতে চান, তারা চাইলে ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) দুই দিনের ঐচ্ছিক ছুটি নিতে পারেন। এতে ২২ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ভোগ করা সম্ভব হবে।
এদিকে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও ঈদুল আজহা উপলক্ষে দীর্ঘ ছুটির ঘোষণা এসেছে। ওমানে ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২৫ মে স্বাধীনতা দিবস উপলক্ষে আলাদা ছুটিও থাকবে।
জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, ২৬ মে আরাফাত দিবস পালিত হতে পারে এবং ২৭ মে মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে একদিন পর, অর্থাৎ ২৮ মে ঈদ উদযাপিত হতে পারে।
উল্লেখ্য, হিজরি সনের শেষ মাস জিলহজের ১০ তারিখে পবিত্র ঈদুল আজহা পালিত হয়, যা ত্যাগ ও কোরবানির অনন্য শিক্ষা বহন করে।
মন্তব্য করুন

