শিরোনাম

মির্জা আব্বাসকে নিয়ে ভিডিও ভাইরাল, দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশনার সময়: ৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন

 

বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস-কে নিয়ে আপত্তিকর মন্তব্যের ভিডিও ভাইরাল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (৫ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এমন কাজ করা মোটেও উচিত হয়নি এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার প্রতিজ্ঞাও করেছেন তিনি।

হাসনাত আবদুল্লাহ লেখেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিএনপির একজন সিনিয়র নেতাকে নিয়ে তাকে আপত্তিকর মন্তব্য করতে দেখা যায়। ভিডিওটিতে একটি শিশুকেও কথা বলতে শোনা যায়, যা বিষয়টিকে আরও সংবেদনশীল করে তুলেছে।

ভিডিওটি সম্পর্কে তিনি জানান, এটি নির্বাচনকালীন সময়ে ধারণ করা হয়েছিল এবং তখন এটি একটি ক্লোজড গ্রুপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে সম্প্রতি ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওটির জন্য নিঃশর্ত ক্ষমা চেয়ে তিনি বলেন, “আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই কাজটি কোনোভাবেই করা উচিত হয়নি। ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং রাজনৈতিক পরিমণ্ডলে পারস্পরিক শালীনতা ও সৌহার্দ্য বজায় থাকে—তা নিশ্চিত করতে আমি দৃঢ় প্রতিজ্ঞ।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ-উত্তর রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ, ঘৃণা বা বিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করার সংস্কৃতিকে তারা সমর্থন করেন না। সুস্থ, সহনশীল ও দায়িত্বশীল রাজনৈতিক চর্চাই সবার প্রত্যাশা।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক শিশুকে প্রশ্ন করেন হাসনাত আবদুল্লাহ—‘মির্জা আব্বাস কী?’ জবাবে শিশুটি বলে ‘মির্জা আব্বাস চাঁদাবাজ’। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করলেন এনসিপির এই নেতা।

মন্তব্য করুন