শিরোনাম

সুনামগঞ্জে ধান শুকানো কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১৫

প্রকাশনার সময়: ৫ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বোরো ধান শুকানোর খলার জায়গা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে উপজেলার বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ান মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের লোকজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বীরগাঁও গ্রামের দক্ষিণ পাড়ায় মীর্জা হোসেন ও হিরো আলমের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে ধান শুকানোর খলার জায়গা নিয়ে বিরোধ চলছিল। চলতি মৌসুমে হাওরের বোরো ধান শুকানোর জন্য খলা তৈরির প্রস্তুতি নিতে গেলে ওই জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে ইট-পাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্ল্যাহ বলেন, ইফতারের আগ মুহূর্তে বীরগাঁও গ্রামে একটি জায়গা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

মন্তব্য করুন