শিরোনাম

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ

প্রকাশনার সময়: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। নির্ধারিত এই খরচের বাইরে কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে এবং কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনের বৈঠকে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। এদিন বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয় এবং বৈঠকে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ বলেন, বর্তমানে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সাত থেকে আট লাখ টাকা পর্যন্ত খরচ হচ্ছে। এই সমস্যার সমাধান কবে হবে এবং কবে নাগাদ মালয়েশিয়ায় স্বাস্থ্য পরীক্ষা শুরু করে কর্মী পাঠানো যাবে, তা সাধারণ মানুষ জানতে চায়। নির্ধারিত ১ লাখ ৫৪ হাজার টাকা খরচে কর্মীরা যেতে পারবেন কি না, তা তদারকির জন্য আলাদা কোনো সংসদীয় কমিটি গঠন করা যায় কি না, সে বিষয়েও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এর জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, আগামী দিনেই মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রগুলোর তালিকা প্রকাশ করা হবে। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মন্তব্য করুন