৭০ কিশোরীকে শ্লীলতাহানি, যুক্তরাজ্যে ভারতীয় শিক্ষার্থীর ৩০ বছরের সাজা
যুক্তরাজ্যে ৭০ কিশোরীকে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির অভিযোগে ভারতীয় এক শিক্ষার্থীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার দেশটির চেস্টার ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী বিলাল কাজীকে চেস্টার ক্রাউন কোর্টে ওই সাজা দেওয়া হয়।
রোববার ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যানের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যে ১৩ বছর বয়সী এক কিশোরীর করা অভিযোগের সূত্র ধরে ব্রিটিশ পুলিশের অনলাইন শিশু যৌন নিপীড়নের তদন্তে দেশজুড়ে ১৮০ জন সম্ভাব্য ভুক্তভোগীকে শনাক্ত করা হয়। এর পাঁচ বছর পর অনলাইনে কিশোরীদের গ্রুমিং, যৌন নিপীড়ন ও ব্ল্যাকমেইল করার অপরাধে ২৭ বছর বয়সী ভারতীয় শিক্ষার্থী বিলাল কাজীকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
চেশায়ার কনস্টেবলারি বলেছে, অনলাইনে শিশু যৌন নির্যাতনের ঘটনায় তাদের ইতিহাসে এটিই সবচেয়ে বড় তদন্ত; যার মাধ্যমে যুক্তরাজ্যের ৪৫টি পুলিশ অঞ্চলের ২৮টি এলাকাজুড়ে মোট ৭০ জন ভুক্তভোগীকে শনাক্ত করা হয়েছে।
ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যম এবং গেমিং প্ল্যাটফর্ম ব্যবহার করে শিশুদের সঙ্গে প্রতারণা করতেন কাজী। ভুক্তভোগীদের তিনি বলতেন, তারা নিজেদের সমবয়সী কোনো কিশোরের সঙ্গেই কথা বলছে। এরপর তিনি শিশুদের বিশ্বাসকে কাজে লাগিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও সংগ্রহ করতেন এবং কিশোরীরা পরবর্তীতে অন্যান্য দাবি মানতে অস্বীকার করলে সেই সব ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিতেন।
মন্তব্য করুন

