ভালোবাসা ও অনুশোচনার গল্পে নতুন মোড়ে ‘দার-ই-নিজাত’
পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’-এর সাম্প্রতিক পর্বে একদিকে এসেছে স্বস্তির খবর, অন্যদিকে নতুন করে সামনে এসেছে বিষাদের গল্প। আবু বকর ক্যানসারমুক্ত হওয়ার খবরে স্বস্তি পেয়েছে জারিয়াব। তবে তার শাশুড়ি খুশবখতের অসুস্থতার খবর সেই আনন্দকে ম্লান করে দিয়েছে। ভালোবাসা, অনুশোচনা ও মানুষের অসহায়ত্বের নানা দিক নিয়ে এগিয়েছে এবারের পর্ব।
জারিয়াব চরিত্রে দুরেফিশান সেলিমের অভিনয়ে আবেগের এই টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। আবু বকরের সুস্থতার খবরে তার প্রতিক্রিয়া থেকে বোঝা যায়, সম্পর্কের জটিলতা সত্ত্বেও মানুষটির প্রতি গভীর মায়া তৈরি হয়েছে তার। নিজের অজান্তে গড়ে ওঠা এই অনুভূতি হয়তো এখনো পুরোপুরি উপলব্ধি করতে পারেনি জারিয়াব।
পর্বের একটি উল্লেখযোগ্য দৃশ্য ছিল জারিয়াবের ক্ষমা চাওয়া এবং আবু বকরের তাকে আশ্বস্ত করা। তাদের কথোপকথনে আবেগের বাড়াবাড়ি নেই বরং পারস্পরিক সহমর্মিতা ও বোঝাপড়ার চেষ্টা দৃশ্যটিকে হৃদয়স্পর্শী করে তুলেছে। ছোট ছোট আচরণ যে সম্পর্কের দূরত্ব কমিয়ে ঘনিষ্ঠতা তৈরি করতে পারে, সেই বিষয়টিই উঠে এসেছে তাদের মুহূর্তে।
অন্যদিকে খুশবখতের অতীতের কিছু ঘটনা প্রকাশ পেতে শুরু করায় গল্পে যুক্ত হয়েছে নতুন আবেগের স্তর। একটি স্বগতোক্তিতে চরিত্রটির মানসিক ভাঙন এবং দীর্ঘদিনের জমে থাকা কষ্টের প্রকাশ দর্শককে তার জীবনের অজানা অধ্যায় সম্পর্কে ভাবতে বাধ্য করে। সানিয়া সাঈদের সংযত অভিনয় দৃশ্যটিকে আরও গভীর করেছে। মুখের অভিব্যক্তি ও আবেগের সূক্ষ্ম পরিবর্তনে তিনি খুশবখতের না-বলা যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন।
ফলে চরিত্রটি এখন কেবল পার্শ্ব উপস্থিতিতে সীমাবদ্ধ নেই; তার অতীতও হয়ে উঠেছে গল্পের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এই পর্বে পাশাপাশি এসেছে কাউকে হারানোর ভয়, প্রিয়জনের সুস্থতায় স্বস্তি এবং অন্যের কষ্ট আবিষ্কারের বেদনা। অসুস্থতার মতো কঠিন বাস্তবতা কীভাবে মানুষের সম্পর্কের আড়ালে থাকা অনুভূতিগুলো প্রকাশ করে, তিনটি চরিত্রের গল্পে তারই প্রতিফলন ঘটেছে।
‘দার-ই-নিজাত’ ২০২৬ সালের ১ আগস্ট থেকে প্রচার শুরু হয়। এআরওয়াই ডিজিটাল চ্যানেলে প্রচারিত নাটকটির গল্পে রয়েছে নানা নাটকীয় মোড় ও অপ্রত্যাশিত ঘটনা। এতে আবু বকর চরিত্রে অভিনয় করছেন শেহরিয়ার মুনাওয়ার। অন্যদিকে জারিয়াব হাবিব চরিত্রে দুরেফিশান সেলিম এবং জামিল হোসেন চরিত্রে রয়েছেন নামির নাওয়াজ খান।
মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত, নৈতিকতা এবং ধর্মীয় জীবনে বিশ্বাসের প্রকৃত চর্চা নিয়েও প্রশ্ন তৈরি করেছে ধারাবাহিকটি। প্রচলিত প্রেম ও পারিবারিক গল্পের বাইরে গিয়ে এমন কিছু জটিল মানবিক ও সামাজিক বিষয় তুলে ধরায় পাকিস্তানের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও আলোচনায় এসেছে ‘দার-ই-নিজাত’।
মন্তব্য করুন

