২০২৪-২০২৫ অর্থ-বছর: চার দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি, ভারতের সঙ্গে বেশি ঘাটতি
২০২৪-২০২৫ অর্থ-বছরের আমদানি ও রপ্তানির তথ্যানুযায়ী সার্কভুক্ত দেশ আফগানিস্তান, ভুটান, ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
রোববার (১৫ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি এসব তথ্য জানান।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলী প্রশ্ন রাখেন, সোনা মসজিদ স্থলবন্দরসহ দেশের প্রধান স্থলবন্দরগুলি দিয়ে ভারত ও প্রতিবেশী দেশসমূহের সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি শুল্ক বাধা অপসারণে মন্ত্রণালয়ের সাম্প্রতিক কোনো দ্বিপাক্ষিক উদ্যোগ রয়েছে কিনা?
জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভারত ও প্রতিবেশী দেশসমূহের সঙ্গে দ্বিমুখী বাণিজ্য সম্প্রসারণ ও রপ্তানি শুল্ক-বাধা অপসারণে বাণিজ্য মন্ত্রণালয় নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। অশুল্ক বাঁধা অপসারণ, পণ্যের মান ও পরীক্ষণ সনদের পারস্পরিক স্বীকৃতি, কাস্টমস সহযোগিতা বৃদ্ধি, সীমান্ত অবকাঠামোর উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং উদ্ভূত সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে বাণিজ্য সচিব পর্যায়ের সভা ও যৌথ ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম চলমান রয়েছে। গত ৮-৯ অক্টোবর ভারতের নয়াদিল্লীতে বাণিজ্য সম্পর্কিত যৌথ ওয়ার্কিং গ্রুপের ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আগামী ডিসেম্বরে বাণিজ্য সচিব পর্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
মন্তব্য করুন

