শিরোনাম

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

প্রকাশনার সময়: ২৮ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

লিওনেল মেসি মাঠে নামবেন আর নতুন কোনো রেকর্ড গড়বেন না—এমন দৃশ্য যেন কল্পনাই করা যায় না। চলমান বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই একাধিক রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনও এখন তার দখলে।

আজ জর্ডানের বিপক্ষে ম্যাচে শুরু থেকে মাঠে নামেননি মেসি। ৬০তম মিনিটে বদলি হিসেবে মাঠে নেমেই নিজের উপস্থিতির জানান দেন তিনি। এর কিছুক্ষণ পর দুর্দান্ত এক ফ্রি-কিকে বল জালে জড়িয়ে আরও একটি অনন্য কীর্তি গড়েন এই আর্জেন্টাইন তারকা।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করার বিরল রেকর্ড গড়েছেন মেসি। এর আগে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে তিনি টানা ছয় ম্যাচে গোলের কীর্তিতে ফ্রান্সের জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়ারজিনহো (১৯৭০)-এর সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। এবার তাদের ছাড়িয়ে এককভাবে নতুন ইতিহাস লিখলেন তিনি।

এদিকে চলমান বিশ্বকাপে এটি মেসির ষষ্ঠ গোল। এর আগে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক এবং অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের মঞ্চে নিজের কিংবদন্তি অধ্যায় আরও সমৃদ্ধ করে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

মন্তব্য করুন