আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২২ ক্যারেট বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকায়
দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ মূল্য সমন্বয়ের পর রোববার (২৮ জুন) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি হচ্ছে। একই সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও।
শনিবার (২৭ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড) ও রুপার (পিওর সিলভার) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা, যা আগের দামের তুলনায় ৫ হাজার ৪৮২ টাকা বেশি।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকায়, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে। তবে অলঙ্কারের ডিজাইনভেদে মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে। রুপার অলঙ্কারের ভ্যাট সংক্রান্ত সিদ্ধান্ত পরে জানানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
এর আগে গত ২৫ জুন বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সে সময় প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৮২ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪১ বার দাম বেড়েছে, ৪০ বার কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৬৬৬ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম ৫০ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৫ বার দাম বেড়েছে এবং ২৫ বার কমেছে। আর ২০২৫ সালে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল; যার মধ্যে ১০ বার দাম বৃদ্ধি এবং ৩ বার কমানো হয়েছিল।
মন্তব্য করুন

