শিরোনাম

নক আউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী কেপ ভার্দে

প্রকাশনার সময়: ২৭ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

আর্জেন্টিনার সামনে ‘নতুন চমক’ কেপ ভার্দে, বিশ্বকাপের নকআউটে জমে উঠছে লড়াই

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ হয়েছে বিশ্বকাপের নবাগত কেপ ভার্দে। গ্রুপ পর্বে টানা তিনটি ড্র করে ইতিহাস গড়ে প্রথমবারের মতো নকআউটে জায়গা করে নিয়েছে আফ্রিকার ছোট দ্বীপরাষ্ট্রটি।

শুক্রবার হিউস্টনে সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করে গ্রুপ এইচ থেকে রানার্সআপ হিসেবে শেষ ৩২ নিশ্চিত করে কেপ ভার্দে। একই সময়ে স্পেন ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ফলে বিদায় নিতে হয় উরুগুয়ে ও সৌদি আরবকে।

কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে। নিজেদের প্রথম বিশ্বকাপেই তারা স্পেনের সঙ্গে ০-০, উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের সঙ্গে ০-০ ড্র করে মাত্র তিন পয়েন্ট নিয়েই নকআউট নিশ্চিত করেছে। ৫ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটির এই সাফল্যকে চলতি বিশ্বকাপের অন্যতম বড় রূপকথা হিসেবে দেখা হচ্ছে।

অন্যদিকে, আর্জেন্টিনা নিজেদের গ্রুপে দাপট দেখিয়ে আগেই শীর্ষস্থান নিশ্চিত করেছে। আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে ওঠা লিওনেল মেসিদের সামনে কাগজে-কলমে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ কেপ ভার্দে। তবে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলকে রুখে দেওয়া কেপ ভার্দেকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

রাউন্ড অব ৩২-এর বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ৪ জুলাই মিয়ামিতে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ৪টায়। জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।

মন্তব্য করুন