বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, ১০ নেতাকর্মী আহত
পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির একটি মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার দাশপাড়া ইউনিয়নের দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের মধ্যে রয়েছেন মধ্য দাশপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ (৩৫), বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন (৪৫), শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাওসার (৪২) এবং ছাত্রদলের সহ-সভাপতি রাসেল (৩০)।
বিএনপি নেতাকর্মীদের দাবি, একটি মোটরসাইকেল শোডাউন চলাকালে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান।
দাশপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধা বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় পৌর শহরের বাংলাবাজার এলাকা থেকে দাশপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৪০ থেকে ৫০টি মোটরসাইকেল নিয়ে একটি শোডাউন বের করা হয়। মিছিলটি নাজিরপুর ইউনিয়নের ডালিমা ও কালাইয়া বন্দর বেইলি ব্রিজ হয়ে দাশপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন।
উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাইফুল ইসলাম খোকন অভিযোগ করেন, স্থানীয় হেলাল রাড়ী, রিয়াজ সালাম, রাব্বি, রাসেল ও হেলালের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেন। তার দাবি, হামলাকারীরা কালাইয়া ও দাশপাড়া ইউনিয়নের ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থক। হামলায় ২০ থেকে ২৫টি মোটরসাইকেলও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তবে এ ঘটনায় অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Source: Dhaka Post
মন্তব্য করুন

