সেনাবাহিনীতে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ চর্চার আহ্বান সেনাপ্রধানের
সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধ ও শৃঙ্খলা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের কমিশনপ্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ একটি সেনাবাহিনী অপরিহার্য। এ বাহিনীর নেতৃত্ব গড়ে তোলার দায়িত্ব মূলত অফিসারদের ওপর বর্তায়।
সেনাপ্রধান আরও বলেন, প্রশিক্ষণ শেষ করে নতুন জীবনে প্রবেশ করা অফিসারদের দায়িত্ব এখন আরও গুরুত্বপূর্ণ ও বিস্তৃত। সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন ও নৈতিক চর্চা একজন সেনাকে আদর্শ, মর্যাদাসম্পন্ন এবং সুশৃঙ্খল হিসেবে গড়ে তোলে।
বাংলাদেশ মিলিটারি একাডেমির ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি দক্ষ, মেধাবী ও আধুনিক নেতৃত্ব তৈরির মাধ্যমে সেনাবাহিনীকে সমৃদ্ধ করে আসছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএমএ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অফিসাররা দেশীয় সীমা ছাড়িয়ে আন্তর্জাতিক পর্যায়েও দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।
শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
এবারের ৯০তম দীর্ঘমেয়াদি কোর্স শেষে মোট ১৮৪ জন ক্যাডেট কমিশন লাভ করেন। এর মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন নারী অফিসার রয়েছেন। এছাড়া ফিলিস্তিন, তানজানিয়া, জাম্বিয়া ও মালদ্বীপের কয়েকজন বিদেশি ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করেন, যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।
মন্তব্য করুন

