বিয়েতে বাধ্যতামূলক হচ্ছে ডিজিটাল জন্মনিবন্ধন

প্রকাশনার সময়: ১৬ জুন ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

বাল্যবিবাহ প্রতিরোধে বিয়ে নিবন্ধনের ক্ষেত্রে কাগজভিত্তিক জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন রেকর্ড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের কাজ চলছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, ইউনিসেফ ও ইউএনএফপিএর কারিগরি সহযোগিতায় আইনের সংশোধনী খসড়া প্রণয়নের কাজ এগিয়ে চলছে। প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’ সংক্রান্ত বিধান অপব্যবহারের সুযোগ কমিয়ে আনার পাশাপাশি বাল্যবিবাহের পথ রুদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন ব্যবস্থায় বিবাহ নিবন্ধনের সময় অনলাইন বা ডিজিটাল জন্মনিবন্ধন তথ্য যাচাই বাধ্যতামূলক করা হবে। এর ফলে জাল জন্মসনদ ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের প্রকৃত বয়স গোপন করার প্রবণতা অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার।

মন্ত্রী আরও বলেন, দেশে এখনও অনেক বিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে সম্পন্ন হলেও তাৎক্ষণিকভাবে নিবন্ধিত হয় না। ফলে এসব ক্ষেত্রে নজরদারি ও আইন প্রয়োগে জটিলতা তৈরি হয়। বাল্যবিবাহ সম্পূর্ণভাবে বন্ধ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সূত্র: বাসস

মন্তব্য করুন