লিজ নেওয়া জাহাজ ভাড়া পরিশোধে নিয়ম শিথিল করল বাংলাদেশ ব্যাংক
দেশের সামুদ্রিক বাণিজ্য খাতকে শক্তিশালী করতে বড় ধরনের নীতিগত ছাড় দিল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে স্থানীয়ভাবে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলো তাদের লিজ নেওয়া (ভাড়ায় চালিত) জাহাজের ভাড়া সরাসরি বৈদেশিক মুদ্রায় পরিশোধ করতে পারবে।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে।
এতদিন এই সুবিধাটি শুধু স্থানীয় এয়ারলাইন্স কোম্পানিগুলোর উড়োজাহাজ (এয়ারক্রাফট) লিজের ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। নতুন নির্দেশনার ফলে উড়োজাহাজের মতো জাহাজ লিজের ভাড়া পরিশোধের প্রক্রিয়াও সহজ হলো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক রুটে বাংলাদেশি মালিকানাধীন সমুদ্রগামী জাহাজের (ওশেন-গোয়িং ভেসেল) সংখ্যা বাড়ানো।
সার্কুলারে বলা হয়েছে, স্থানীয় শিপিং কোম্পানিগুলোর বৈদেশিক মুদ্রা পাঠানোর ক্ষেত্রে এডি ব্যাংকগুলোকে কিছু বাধ্যতামূলক শর্ত নিশ্চিত করতে হবে।
মন্তব্য করুন

