শিরোনাম

ফিফা বিশ্বকাপের অ্যাম্বাসেডর সুনামগঞ্জের মেয়ে ফাইজা

প্রকাশনার সময়: ১২ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের মেয়ে মাশরাফি চৌধুরী ফাইজা ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল অ্যাম্বাসেডর ও ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এ অর্জনে আনন্দিত পরিবার, স্বজন এবং পুরো হাওরাঞ্চলের মানুষ।

ফাইজা বর্তমানে কানাডার ইয়র্ক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। বিশ্বকাপ উপলক্ষে কানাডার টরন্টোতে আয়োজিত বিভিন্ন আন্তর্জাতিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। দায়িত্বের অংশ হিসেবে আন্তর্জাতিক অতিথি, ক্রীড়া কর্মকর্তা ও বিভিন্ন দেশের খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন তিনি।

ফাইজা কানাডাপ্রবাসী মুস্তাক আহমেদ চৌধুরী ও সাবরিনা জাহান আক্তার চৌধুরীর মেয়ে। পড়াশোনার পাশাপাশি নেতৃত্বগুণ, আন্তর্জাতিক স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগে সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে ফিফা তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে নির্বাচন করেছে।

আগামী ফিফা বিশ্বকাপ ২০২৬ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব এবং বিশ্বকাপ আয়োজনকে আরও অংশগ্রহণমূলক করতে ফিফা বিভিন্ন দেশের তরুণদের সম্পৃক্ত করছে, যার অংশ হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাইজা।

তার এ সাফল্যে দিরাই, সুনামগঞ্জ ও সিলেট অঞ্চলে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় বিশিষ্টজনেরা বলছেন, ফাইজার এই অর্জন শুধু তার পরিবারের নয়, বরং পুরো হাওরাঞ্চল ও বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তারা মনে করেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছেন তিনি।

মন্তব্য করুন